Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভরসা রাখুন’, আরজি কর কাণ্ডে আন্দোলনকারীদের পুলিশের বার্তা

আর জি কর কাণ্ডে জনমনের ক্ষোভ দূর করতে ফেসবুকে বার্তা লালবাজারের তরফে। অনুরোধ করা হয়েছে তাঁদের তদন্তের ওপর ভরসা রাখতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) জনমনের ক্ষোভ দূর করতে আসরে নামল কলকাতা পুলিশ(Kolkata Police)। এদিন অর্থাৎ সোমবার একটি নাতিদীর্ঘ ফেসবুক পোস্টে(Facebook Post) পুলিশের ওপর ভরসা রাখার আর্জি(Message to Keep Trust) জানানো হয়েছে লালবাজারের তরফে। এর পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে যে, দ্রুত ন্যায়বিচার হবে। বার্তা দেওয়া হয়েছে, ‘ন্যায়বিচার হবেই। দ্রুতই হবে। না হওয়া পর্যন্ত আমরা থামব না। ভরসা রাখুন।’ কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যুবতী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্যেই প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। রাজ্যের বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ কিংবা আপৎকালীন, সব বিভাগেই পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। আন্দোলন করছে একাধিক নাগরিক সংগঠনও। ‘মেয়েরা রাত দখল করো’ শিরোনাম-সহ একটি পোস্টারও ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। পোস্টারটির নীচে লেখা ‘জাস্টিস ফর আরজি কর’। সেই প্রেক্ষাপটে কলকাতা পুলিশের বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে হবে ‘টোটো-সুমারি’, বসবে ‘QR Code’

এদিন কলকাতা পুলিশের তরফে ফেসবুকে এক সুদীর্ঘ পোস্টে বলা হয়েছে, ‘আর. জি কর মেডিকেল কলেজে যে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এই কঠিন সময়ে আমরা সর্বান্তঃকরণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক, বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত। আমাদের তদন্ত চলছে আন্তরিক সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই নারকীয় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি তথ্যপ্রমাণসহ। আরও কেউ ঘটনায় জড়িত ছিল কী না, সে বিষয়েও তদন্ত চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। মৃতার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, এবং তদন্তের প্রতিটি পদক্ষেপ তাঁদের জানাচ্ছি আমরা। একটি কথা সবিনয়ে বলার। সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ।’

আরও পড়ুন, আর জি কর কাণ্ডের জেরে, রাজ্যে সিভিক নিয়োগ প্রক্রিয়ায় পদ্ধতি বদলের সম্ভাবনা

এর পাশাপাশি পোস্টে বলা হয়েছে, ‘আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তত্ত্ব, তথ্য বা গুজবে কান দেবেন না। এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়, এবং সর্বোপরি শোকগ্রস্ত পরিবারটি আরও বেশি করে যন্ত্রণাদগ্ধ হয়। আবার বলি, সততা, আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে। কাল্পনিক তত্ত্ব এবং গুজব ছড়ালে সেই তদন্তেরই গতি ব্যাহত হয়। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বলি, আমরা বুঝতে পারছি আপনাদের শোক, সমর্থন করছি আপনাদের ন্যায়বিচারের দাবি। আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিশ্বাস রাখুন, যত দ্রুত সম্ভব ন্যায়বিচার সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। রাজ্যের মানুষকে জানাই, আমাদের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। কলকাতা পুলিশ যথাসাধ্য দ্রুততায় চার্জশিট জমা করে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ন্যায়বিচার হবেই। দ্রুতই হবে। না হওয়া পর্যন্ত আমরা থামব না। ভরসা রাখুন।’

আরও পড়ুন, বাগডোগরায় ৬ শিবভক্তকে পিষে দিল স্করপিও, ছাতনায় ট্রাক পিষল ২জনকে

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে তদন্ত করছে লালবাজারই। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জন সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছেন। যদিও বিরোধী দল এবং সংগঠনগুলির অভিযোগ, ‘আসল অপরাধীদের’ আড়াল করা হচ্ছে। যদিও সেটা এখনও দাবি আর গুজব হিসাবেই ঘুরছে। এই নিয়েও ‘ফেক নিউজ়’ বা মিথ্যা খবর নিয়েও সচেতন হওয়ার বার্তা দিয়েছে লালবাজার। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া খবর বা কোনও তথ্য আগে যাচাই করা এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে এদিন আর জি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁর দাবি, আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত(Demanding CBI Enquiry) করাতে হবে। যদিও এই নিয়ে রাজ্যের তরফে যে কোনও আপত্তি নেই সেটা আগেই জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর দাবি, এই ঘটনায় রাজ্যের তরফে লোকানোর কিছু নেই। মুখ্যমন্ত্রীর বার্তার পরে কলকাতা পুলিশের তরফেও বার্তা দেওয়া হয়েছে যে, তাঁরাও সিবিআই তদন্তের দাবির কোনও বিরোধিতা করবেন না। এখন দেখার বিষয়, আদালত শুভেন্দুর দাবি মেনে নেয়, নাকি পুলিশের তদন্তেই আস্থা রাখে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00